চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতাল চত্বরে বি*ক্ষোভ!

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্যরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান ইসলামপুর থানার আইসি সন্দীপ চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী।

মৃত রোগীর নাম দীপক গুপ্তা (৩২)। তিনি ইসলামপুর শহরের মেলামাঠ এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বুকের ব্যথা নিয়ে দীপক গুপ্তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।পরিবারের অভিযোগ, হাসপাতালে ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

পরিবারের দাবি, ভুল চিকিৎসার কারণেই ওই রোগীর মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে।

ঘটনার জেরে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ইসলামপুর থানার আইসি সন্দীপ চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এদিকে মৃতের পরিবারের সদস্যরা কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।