ঝড়ের দাপটে ক্ষ*তিগ্রস্ত শতাধিক পরিবার

কয়েক মিনিটের প্রবল ঝড়েই তছনছ হয়ে গেল উত্তরবঙ্গের একাধিক এলাকা। পাশাপাশি নকশালবাড়ি, ফুলবাড়ি, রাজগঞ্জ ও শিলিগুড়িতে ঝড়ের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছে। শতাধিক গাছ ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বহু গ্রাম।

নকশালবাড়ির বেঙ্গাইজোত, ফুটানিমোড়, রথখোলা সহ একাধিক এলাকায় ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাত্র ৫ মিনিটের ঝড়েই একাধিক গাছ উপড়ে পড়ে। নকশালবাড়ি বেঙ্গাইজোতের ফুটানিমোড় এলাকায় গাছ ভেঙে অন্তত ৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও বাড়ির দেওয়াল ভেঙে পড়েছে, আবার কোথাও টিনের ছাউনি উড়ে গিয়েছে।

গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় রাত থেকেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। এদিন ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে যান অরুণ ঘোষ, পাশাপাশি উপস্থিত ছিলেন সঞ্জয় তীব্রয়াল সহ শংকর মালাকার।

অন্যদিকে, শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত ও রাজগঞ্জের বিভিন্ন এলাকাতেও ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। জটিয়াকালি সংলগ্ন জয়দেব ভিটা এলাকায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। কয়েকটি বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়েছে, আবার অনেক বাড়ির উপর গাছ পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ক্ষতিগ্রস্তদের দাবি, হঠাৎ করে ঝড় শুরু হওয়ায় প্রস্তুতির কোনও সুযোগ পাননি তারা। অনেকেই অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। গরিব পরিবারগুলি ভাঙা ঘর কীভাবে মেরামত করবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। দ্রুত প্রশাসনিক সহায়তা দাবি উঠেছে।

এদিকে, সোমবার রাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির জেরে শিলিগুড়ির বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়ে। শক্তিগড় এলাকায় একটি বিশাল গাছ বাড়ির উপর পড়ে দুইজন বাড়ির মধ্যে আটকে পড়েন। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত পৌঁছে তাদের উদ্ধার করেন। রাতেই গাছ সরানোর কাজ শুরু করে শিলিগুড়ি পুরনিগম ও বিপর্যয় মোকাবিলা দল।

শহরের ৮ নম্বর ওয়ার্ডের গান্ধী ময়দান এলাকায় একটি দোকানের উপর বড় বটগাছ ভেঙে পড়ে, অল্পের জন্য প্রাণে বেঁচে যান ব্যবসায়ী। ঘটনাস্থলে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও পরিস্থিতি খতিয়ে দেখেন। পাশাপাশি এলাকায় যান বিদায়ী বিধায়ক শঙ্কর ঘোষ। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে বলে জানানো হয়েছে।