আর্থিক অনটনকে পিছনে ফেলে বাংলার মুখ উজ্জ্বল করতে জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিতে দিল্লি যাচ্ছেন শিলিগুড়ির যুবক শুভজিৎ দাস। দীর্ঘ লড়াই, কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির জোরেই স্বপ্নের পথে আরও একধাপ এগিয়ে গেলেন এই প্রতিভাবান খেলোয়াড়।
প্রায় ১২ বছর ধরে জেলা ও রাজ্য স্তরে নিয়মিত ক্যারাটে চর্চা করে আসছেন শুভজিৎ। এই দীর্ঘ যাত্রাপথে তাঁর ঝুলিতে জমেছে অসংখ্য মেডেল ও পুরস্কার। প্রতিদিন প্রায় পাঁচ ঘণ্টা করে কঠোর অনুশীলনের মধ্য দিয়েই নিজেকে প্রস্তুত করছেন জাতীয় মঞ্চের জন্য। শুভজিতের দৃঢ় বিশ্বাস, জাতীয় স্তরেও সাফল্যের সঙ্গে লড়াই করে মেডেল নিয়েই ফিরবেন তিনি।
শুভজিৎ দাস বলেন, “ক্যারাটের মতো খেলায় যদি সরকার আরও বেশি সহযোগিতা করে, তাহলে এই খেলাটি অনেক দূর এগোতে পারবে।” তিনি জানান, ক্যারাটে শেখানোর মাধ্যমে যে সামান্য উপার্জন হয় ও পরিবারের সহযোগিতাতেই তাঁর খেলাধুলা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে।
শুভজিতের বাবা বাপি দাস গর্বের সঙ্গে জানান, আর্থিক সমস্যার মধ্যেও কখনও ছেলেকে সেই কষ্ট অনুভব করতে দেননি। তাঁর একটাই স্বপ্ন ভবিষ্যতে শুভজিৎ যেন জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আরও বড় সাফল্য এনে দেশের নাম উজ্জ্বল করে।
শিলিগুড়ির এই তরুণ ক্যারাটে খেলোয়াড়ের সংগ্রাম, অধ্যবসায় ও স্বপ্নপূরণের লড়াই আজ বহু তরুণ ক্রীড়াপ্রেমীর কাছে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।
