শিলিগুড়ি বর্ধমান রোড ফ্লাইওভার ঢেলে সাজানোর পরিকল্পনা, নামকরণে চমক

শহরের যানজট সমস্যা মেটাতে ও সৌন্দর্যায়নের লক্ষ্যে বর্ধমান রোডের নবনির্মিত ফ্লাইওভারকে কেন্দ্র করে একাধিক বড় পরিকল্পনার কথা জানাল শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন। শুক্রবার মেয়র গৌতম দেব জানান, ফ্লাইওভারের শুধু উপরের অংশ নয়, নিচের অব্যবহৃত জায়গাকেও সাধারণ মানুষের জন্য ব্যবহারোপযোগী করে তোলা হবে। মেয়রের বক্তব্য অনুযায়ী, ফ্লাইওভারের নিচে গড়ে তোলা হবে আধুনিক পার্কিং জোন, যা এলাকায় যানজট কমাতে সাহায্য করবে।

পাশাপাশি শিশুদের জন্য থাকবে আলাদা প্লে-জোন। সবুজায়নের উপর বিশেষ গুরুত্ব দিয়ে সারিবদ্ধভাবে গাছ লাগানো হবে এবং ফ্লাইওভারের পিলারগুলিতে করা হবে শিল্পকর্ম ও চিত্রাঙ্কন। এছাড়াও বিবেকানন্দ রোডে যেসব দোকান পূর্বে উঠে গিয়েছিল, সেখানে ফ্লাইওভারের দু’পাশে প্রায় দেড়শ দোকান বরাদ্দ করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট বাজার কমিটির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মেয়র।

ফ্লাইওভারের নামকরণ নিয়েও রয়েছে বিশেষ চমক। বাংলার দুই মনীষীর নামে রাজ্য সরকারের কাছে নামের প্রস্তাব পাঠানো হচ্ছে— রবীন্দ্র সেতু ও বিবেকানন্দ সেতু। রাজ্য সরকারের অনুমোদনের পরেই চূড়ান্ত নাম ঘোষণা করা হবে। মেয়র গৌতম দেব আশ্বস্ত করেন, ফ্লাইওভারের বাকি কাজ দ্রুত সম্পন্ন হচ্ছে এবং খুব শীঘ্রই এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। এই ফ্লাইওভার চালু হলে শিলিগুড়ির যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে আশা প্রশাসনের।