মালকানিহাটে নতুন শাখা উদ্বোধনের মাধ্যমে গ্রামীণ স্তরে ব্যাংকিং পরিষেবা সম্প্রসারণ পিএনবি-এর; ১০টি ঋণ মঞ্জুরিপত্র প্রদান

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) মঙ্গলবার জলপাইগুড়ি জেলার অন্তর্গত মালকানিহাটে তাদের নতুন শাখা উদ্বোধন করেছে। গ্রামীণ অঞ্চলে ব্যাংকিং পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সার্কেল হেড শ্রীমতি সরিতা সিং। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ রানিনগরের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট শ্রী নরেশ চন্দ্র রায়; খারিজা বেরুবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী তারা নাথ রায়; চিফ ম্যানেজার শ্রী প্রীতম ঘোষ সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সম্মানীয় গ্রাহকগণ।

অনুষ্ঠান চলাকালীন আধিকারিকরা সম্প্রদায়ের উন্নতিতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঐতিহ্য ও দীর্ঘদিনের অবদানের কথা তুলে ধরেন। গ্রামীণ অর্থনীতির বিকাশকে ত্বরান্বিত করতে এবং প্রত্যন্ত অঞ্চলে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে বক্তারা ব্যাংকিং পরিষেবার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

এই অনুষ্ঠানের অংশ হিসেবে ১০ জন গ্রাহকের হাতে ঋণের মঞ্জুরিপত্র তুলে দেওয়া হয়, যা স্থানীয় উদ্যোক্তা এবং সাধারণ মানুষকে সাহায্য করার ক্ষেত্রে ব্যাংকের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। ব্যাংক কর্তৃপক্ষ উপস্থিত সকলকে তাদের নতুন চালু হওয়া প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানান। আধিকারিকরা জানান যে, গ্রাহকদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে। এই অঞ্চলের গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও নিবিড় করতে এবং ব্যাংকের পরিধি বাড়ানোর লক্ষ্য নিয়েই এই উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজন করে ‘টিম এনজেপি’ (শিলিগুড়ি)।