বিধানসভা নির্বাচন পূর্বে প্রস্তুতি চলছে জোরকদমে

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যের সবকটি ২৯৪টি বিধানসভা আসনের জন্য রিটার্নিং অফিসার নিয়োগ সম্পন্ন করেছে কমিশন।

জাতীয় নির্বাচন কমিশনের আন্ডার সেক্রেটারি শক্তি শর্মা এই সংক্রান্ত পূর্ণাঙ্গ তালিকা পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে। সেই তালিকায় প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা করে একজন করে রিটার্নিং অফিসারের নাম উল্লেখ রয়েছে। অর্থাৎ ২৯৪টি আসনের জন্য মোট ২৯৪ জন আধিকারিককে এই দায়িত্বে রাখা হয়েছে।

দেখা যাচ্ছে, এ বার মূলত বিভিন্ন উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদেরই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক, জেলা পরিষদের সচিব, জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক, জেলা সংখ্যালঘু উন্নয়ন আধিকারিক, জেলা তফসিলি জাতি-জনজাতি উন্নয়ন আধিকারিক এবং জেলা পরিকল্পনা আধিকারিকদের নাম রয়েছে ওই তালিকায়।