উত্তরবঙ্গে চিটফান্ডে প্রতারিত আমানতকারীদের টাকা ফেরত প্রক্রিয়া নিয়ে সাংবাদিক সম্মেলন করল ‘চিটফান্ড সাফারার্স অ্যান্ড এজেন্টস ইউনিটি ফোরাম’, ‘আমানতকারী এজেন্ট সুরক্ষা মঞ্চ পশ্চিমবঙ্গ’ ও ‘চিটফান্ড পীড়িত জনতা দার্জিলিং-কালিম্পং’-এর যৌথ মঞ্চ। সংগঠনের আহ্বায়ক পার্থ মৈত্র জানান, ২০১৩ সাল থেকে প্রতারিত আমানতকারী ও এজেন্টদের টাকা ফেরতের দাবিতে তাঁদের আন্দোলন চলছে।
হাইকোর্টের নির্দেশে গঠিত কমিটির মাধ্যমে সম্পত্তি নিলাম করে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে ২১টি কোম্পানির প্রায় ২০০ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। বিচারপতি এসপি তালুকদারের ওয়ান ম্যান কমিটির কাছে ১১৭ কোটিরও বেশি টাকা জমা রয়েছে, যা পর্যায়ক্রমে ফেরত দেওয়া হবে।
আগামী ২৩ তারিখ থেকে ১০ মার্চ পর্যন্ত বিভিন্ন কোম্পানির সম্পত্তি নিলাম চলবে। অনলাইন পদ্ধতিতে ক্লেম জমা ও সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সংগঠনের দাবি, মোট ৫৫টি কোম্পানির ক্ষেত্রে সম্পত্তি বিক্রির নির্দেশ রয়েছে এবং ধাপে ধাপে সকলের টাকা ফেরতের লক্ষ্যে প্রক্রিয়া এগোচ্ছে।
