দীর্ঘক্ষণ ল্যাপটপে টাইপ করার ফলে নানা শারীরিক সমস্যা দেখা দেয়। ঘাড় কোমরে ব্যথা, চোখ দিয়ে জল পড়া থেকে শুরু করে অনেকের আঙুলের ডগায় চিনচিনে ব্যথা হয়। আবার সূচ ফোঁটার মতো অনুভূতিও হয় অনেকের।
চিকিৎসকদের মতে, আঙুলের ডগার এই যন্ত্রণা স্নায়ুজনিত রোগের উপসর্গ হতে পারে। দীর্ঘক্ষণ টাইপিংয়ের ফলে তৈরি স্নায়ুজনিত এই সমস্যাকে বলা হয় ‘ডিস্টোনিয়া’।
একটানা ঘাড় গুঁজে কাজ করলে এই সমস্যা দেখা দিতে পারে। স্ক্রিন টাইম বেশি হলে চোখের পাতাতেও এই সমস্যা হতে পারে। জিভ বা চোয়ালেও ডিস্টোনিয়া হতে পারে। যাঁরা দীর্ঘক্ষণ গানবাজনার সাথে জড়িত বা বাদ্যযন্ত্র বাজান, তাঁদের স্বরযন্ত্র কিংবা হাতেও এই সমস্যা দেখা দিতে পারে।
ডিস্টোনিয়ার ফলে দৈনন্দিন কর্মক্ষমতা হ্রাস পেতে পারে। প্রথম থেকেই এই সমস্যাকে চিহ্নিত করতে পারলে, শুধু ওষুধ ও ফিজিয়োথেরাপি দিয়েই রোগটির সঙ্গে মোকাবিলা করা যাবে। তবে সমস্যা মাত্রাধিক হলে শেষ উপায় নিউরোসার্জারি।
