শঙ্কায় রয়েছে বিবেচনাধীন ভোটাররা

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার বড় অনিশ্চয়তায় রয়েছেন লক্ষ লক্ষ ভোটার। চূড়ান্ত তালিকা প্রকাশের পরও এখনও বহু মানুষের নাম ‘বিবেচনাধীন’ অবস্থায় ঝুলে রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘বিবেচনাধীন’ হিসেবে রাখা হয়েছিল। তালিকা প্রকাশের পর কেটে গিয়েছে দু’সপ্তাহেরও বেশি সময়। এই সময়ের মধ্যে বিবেচনাধীন ভোটারদের তথ্য খতিয়ে দেখে নিষ্পত্তির কাজ করছেন জুডিশিয়াল অফিসাররা।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত প্রায় ২১ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। এই বিষয়ে কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়ে আলোচনা ইতিমধ্যেই হয়েছে। জুডিশিয়াল অফিসাররা এক-দু’দিনের মধ্যে সংশ্লিষ্ট তথ্য কমিশনের হাতে তুলে দেবেন। তবে এখনও বড় সংখ্যক ভোটার, প্রায় ৩৯ লক্ষ বিবেচনাধীন অবস্থাতেই রয়েছেন।