মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। বীরভূমে খোদ অনুব্রত মণ্ডলের গাড়ি ঘিরে বিক্ষোভ। আর এই বিক্ষোভ দেখালেন তার নিজের দলের কর্মী সমর্থকরাই।
ঘটনাটি বীরভূমের দুবরাজপুরের, অনুব্রত মণ্ডলের গাড়ি যাওয়ার সময় একদল তৃণমূল কংগ্রেসের কর্মী বিক্ষোভ দেখান। তাদের দাবি ছিল ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার তরুণ গড়াইকে সরাতে হবে। তরুণ গড়াইকে সরানোর দাবি সামনে রেখেই তারা অনুব্রত মণ্ডলের গাড়ি আটকান।
দু-তিন মিনিট ঘিরে রাখা হয় গাড়ি, স্লোগানও দেওয়া হয়। পরে দেহরক্ষীরা এসে অনুব্রতকে গাড়ি থেকে বের করে নিয়ে যায়। ঘটনার স্থল দুবরাজপুর পানাগর রাজ্য সড়কের জয়দেব মোড়ের কাছে। তৃণমূল কংগ্রেস কর্মীদের দাবি ছিল তরুণ গড়াইকে সরানোর, কারণ তিনি দিনের পর দিন মহিলাদের উপর অত্যাচার করেছেন। এমনকি দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাই তারা কনভেনার হিসেবে তরুণ গড়াইকে চাইছেন না।
