রেল হকারদের লাগাতার হয়রানির অভিযোগ; এনজেপি-তে এডিআরএম অফিসের সামনে অবস্থান বিক্ষোভ

রেল হকারদের ওপর লাগাতার হয়রানি ও অত্যাচারের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশন সংলগ্ন এলাকা। অল বেঙ্গল হকার ইউনিয়নের ডাকে এবং তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সমর্থনে সোমবার এনজেপি-র এডিআরএম (ADRM) কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে শামিল হলেন কয়েকশো হকার। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্টেশনে এবং চলন্ত ট্রেনে হকারদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে। কাজ করতে গেলে বাধা দেওয়া থেকে শুরু করে অনেক সময় হকারদের আটক করে জেলে পাঠানোর মতো ঘটনাও ঘটছে বলে দাবি করা হয়েছে। তাঁদের অভিযোগ, বারবার শান্তিপূর্ণভাবে স্মারকলিপি জমা দেওয়া হলেও রেল কর্তৃপক্ষ কোনো সদর্থক পদক্ষেপ নেয়নি।

এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন শিলিগুড়ি টাউন ব্লক থ্রি শ্রমিক সংগঠনের সভাপতি সুজয় সরকার। বিক্ষোভ মঞ্চ থেকে তিনি রেল প্রশাসনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, “হকারদের জীবন-জীবিকার ওপর এই আক্রমণ আর সহ্য করা হবে না। অবিলম্বে এই হয়রানি বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন শুরু হবে।” তিনি আরও জানান, রেল কর্তৃপক্ষ যদি দ্রুত কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত না নেয়, তবে সমস্ত হকারদের পরিবারকে সঙ্গে নিয়ে রেল কর্মচারীদের কোয়ার্টার এবং রেলওয়ে কার্যালয় ঘেরাও করে দীর্ঘমেয়াদী অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এই বিক্ষোভের জেরে এদিন দুপুর থেকে এডিআরএম কার্যালয় চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। হকারদের জীবিকা রক্ষার দাবিতে স্লোগানে মুখরিত হয় এলাকা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল রেল পুলিশ ও আরপিএফ (RPF)। হকারদের এই দাবির প্রেক্ষিতে রেল প্রশাসন শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।