আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ যখন তুঙ্গে, তখনই শিশুদের ব্যবহার করে নির্বাচনী প্রচারের অভিযোগে চাঞ্চল্য ছড়াল মানিকচক বিধানসভা এলাকায়। রবিবার মিল্কি এলাকায় ছোট ছোট স্কুল পড়ুয়াদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে স্লোগান দিতে দেখা যায় – এমনই অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, বিজেপি প্রার্থী গৌড় চন্দ্র মন্ডলের সমর্থনে সম্ভুনাথ সিং নামে প্রায় পঞ্চাশোর্ধ্ব এক কর্মী প্রায় ৪০ জন ৫ থেকে ১০ বছর বয়সী শিশুদের নিয়ে একটি মিছিল করেন। মিল্কি হাসপাতাল থেকে এই মিছিল চলে। প্রত্যেক শিশুর হাতে ছিল বিজেপির পতাকা ও মুখে ছিল, ‘বিজেপি জিন্দাবাদ’, ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’ সহ একাধিক স্লোগান।
অভিযোগ, এই শিশুদের সামান্য খাবার ও ১০০ টাকার প্রলোভন দেখিয়ে মিছিলে অংশগ্রহণ করানো হয়েছে। মিছিলে অংশ নেওয়া কয়েকজন শিশুই জানায়, ‘শম্ভু দাদু’র কথা মতো মিছিলে হাঁটলে ও ‘জয় শ্রী রাম’ বললে খাবার ও টাকা দেওয়া হবে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিজেপি প্রার্থী গৌড় চন্দ্র মন্ডলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
