দার্জিলিং মোড়ে চলমান রেল ওভার ব্রিজ (ROB) সহ সেভক – বালাসন এলিভেটেড হাইওয়ে করিডর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। শনিবার তিনি সরেজমিনে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন ও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথাও বলেন।
সাংসদ জানান, দার্জিলিং মোড়ে বর্তমানে দুই-স্তরের (Tier-1 ও Tier-2) এলিভেটেড কাঠামো নির্মাণ করা হচ্ছে। এর ফলে দার্জিলিং, বাগডোগরা সহ কালিম্পং – সিকিম দিক থেকে আসা যানবাহন নির্বিঘ্নে শালুগাড়া ও শিলিগুড়ি শহরের দিকে যেতে পারবে।
তিনি জানান, আগামী ৪৫ দিনের মধ্যেই একটি টিয়ার ও অ্যাপ্রোচ রোডের কাজ সম্পন্ন হলে দার্জিলিং মোড়ে দীর্ঘদিনের যানজট অনেকটাই কমে যাবে। পাশাপাশি, আগামী দু’মাসের মধ্যে দার্জিলিং মোড়ের একটি অংশ সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। সম্পূর্ণ প্রকল্পটি ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
সাংসদের দাবি, এই প্রকল্প সম্পূর্ণ হলে উত্তরবঙ্গের পরিবহণ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে যা দীর্ঘমেয়াদে উন্নত সংযোগ ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত হবে।
এদিন তিনি জাতীয় সড়ক পূর্ত দপ্তর (NHPWD)-এর আধিকারিক ও কর্মীদের ধন্যবাদ জানান। সাধারণ মানুষের অসুবিধা কমিয়ে দ্রুতগতিতে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি প্রকল্পের সঙ্গে যুক্ত সকল কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশও করেন।
