শহরের বিভিন্ন প্রধান রাস্তা ও ছোট-বড় সড়কের নিচে বিদ্যুতের তার, জল সরবরাহের লাইন সহ বিভিন্ন উন্নত প্রযুক্তির পরিষেবা বসানোর জন্য দীর্ঘদিন ধরে গর্ত খোঁড়া হয়েছিল। সেই গর্তের কারণে সাধারণ পথচারী থেকে শুরু করে যানবাহন চালকদের নিত্যদিনের সমস্যার মুখে পড়তে হচ্ছিল।
শিলিগুড়ির বহু রাস্তায় এবড়ো খেবড়ো গর্ত তৈরি হওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছিল বলে অভিযোগ ছিল নাগরিকদের। অবশেষে সেই সমস্যার সমাধানে উদ্যোগ নিল শিলিগুড়ি পুর নিগম। বৃহস্পতিবার শহরের বিধান রোড সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় গর্ত ভরাট ও রাস্তা সংস্কারের কাজ শুরু করেন নিগমের কর্মীরা।
শহরের ব্যস্ততম বিধান রোডে একমুখী যান চলাচল চালু রেখে সংস্কারের কাজ করা হয়। এর ফলে কিছু সময়ের জন্য ওই এলাকায় যানজটের সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্রিয় ভূমিকা নেয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। পুর নিগমের কর্মীদের দ্রুত গতিতে কাজের ফলে খুব শিগগিরই শহরের যান চলাচল স্বাভাবিক হবে বলে আশাবাদী পুর কর্মীরা।
