মঙ্গলবার দুপুরে হাওড়া মেট্রো স্টেশন-এ আচমকা গেট বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। ব্যস্ত সময়ের মধ্যে প্রায় ২০ মিনিটের বেশি সময় কোনও পূর্ব ঘোষণা ছাড়াই স্টেশনের সব প্রবেশদ্বার বন্ধ রাখা হয়, ফলে বাইরে ও ভিতরে দ্রুত ভিড় জমে যায়।
ঘটনার সময় অফিসযাত্রীসহ বিভিন্ন পেশার মানুষের চাপ বাড়তে থাকে। যাত্রীরা প্রথমে কোনও স্পষ্ট কারণ জানতে না পেরে বিভ্রান্ত হয়ে পড়েন। এর মধ্যেই শোনা যায়, মহাকরণ মেট্রো স্টেশন এলাকায় আগুন লাগার জল্পনা, যার জেরে মেট্রো চলাচলে বিঘ্ন ঘটেছে বলে অনুমান করা হয়।
প্রায় ২৫ মিনিট পরে মেট্রো কর্তৃপক্ষ ঘোষণা করে যে ট্রেন চলাচলে বিলম্ব হবে এবং নতুন করে টিকিট না কাটার পরামর্শ দেওয়া হয়। তবে স্মার্ট কার্ড ব্যবহারকারীরা প্ল্যাটফর্মে ঢুকে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। প্ল্যাটফর্মে উপচে পড়া ভিড় সামলাতে পরে আবার গেট বন্ধ করে দেওয়া হয়।
দুপুর ১২টা ৩৯ মিনিট নাগাদ ঘোষণা করা হয়, একটি ট্রেন মহাকরণ থেকে হাওড়া ময়দানের দিকে আসছে এবং সেটি সেখান থেকে ঘুরে সেক্টর ফাইভের দিকে যাবে। ফলে যাত্রীদের অপেক্ষা আরও দীর্ঘ হয়। শেষ পর্যন্ত ১২টা ৫১ মিনিটে একটি ট্রেন স্টেশনে ঢোকে, কিন্তু তাতেও ভিড় নিয়ন্ত্রণে সমস্যা তৈরি হয়।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর ১২টা ৩৭ মিনিট থেকে গ্রিন লাইনে পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে। তবে ঠিক কী কারণে এই হঠাৎ বিপর্যয়, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
এই ঘটনায় ফের প্রশ্ন উঠেছে মেট্রোর জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি এবং যোগাযোগ ব্যবস্থার উপর। ব্যস্ত সময়ে পর্যাপ্ত ঘোষণা ও সমন্বয়ের অভাবে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে বলে মত অনেকের।
দুপুরের এই বিশৃঙ্খলা সাময়িক হলেও, শহরের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহণ ব্যবস্থায় এমন অঘটন যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
ব্যস্ত সময়ে বিপর্যয়: হাওড়া মেট্রোয় পরিষেবা বিঘ্ন
