চেতক স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০২৬: শীর্ষে ‘ধুরন্ধর’, পিছিয়ে নেই ‘সাইয়ারা’ ও ‘হোমবাউন্ড’ও

২০২৫ সালের হিন্দি সিনেমা ও ওটিটি কনটেন্টের সেরা কাজগুলোকে স্বীকৃতি দিতে ‘চেতক স্ক্রিন অ্যাওয়ার্ডস’-এর মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপ এবং স্ক্রিন অ্যাকাডেমি। আগামী ৫ এপ্রিল এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এবারের আসরে আদিত্য ধরের স্পাই-থ্রিলার ‘ধুরন্ধর’ সর্বোচ্চ ২৪টি বিভাগে মনোনয়ন পেয়ে তালিকার শীর্ষে রয়েছে। মোহিত সুরির ‘সাইয়ারা’ ১৭টি এবং নীরজ ঘায়ওয়ানের ‘হোমবাউন্ড’ ১৫টি মনোনয়ন নিয়ে কড়া টক্কর দিচ্ছে। সেরা চলচ্চিত্রের দৌড়ে রয়েছে ‘ছাওয়া’, ‘ধড়ক ২’, ‘হক’, এবং ‘সিতারে জমিন পর’-এর মতো সিনেমাগুলোও।

সেরা অভিনেতার লড়াইয়ে ভিকি কৌশল (ছাওয়া), রণবীর সিং (ধুরন্ধর) এবং ইশান খট্টরের (হোমবাউন্ড) মতো তারকারা রয়েছেন। অন্যদিকে সেরা অভিনেত্রীর বিভাগে তৃপ্তি দিমরি (ধড়ক ২), ইয়ামি গৌতম ধর (হক) এবং কঙ্কনা সেন শর্মার (মেট্রো… ইন দিনো) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এই পুরস্কারের জন্য এবার অলিম্পিক মেথডোলজি (ট্রিমড মিন) ব্যবহার করা হয়েছে, যা নিরপেক্ষতা নিশ্চিত করে। ৫০ জনেরও বেশি চলচ্চিত্র বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত স্ক্রিন অ্যাকাডেমি এই বিচার প্রক্রিয়া পরিচালনা করেছে।

দীর্ঘ ২০ বছর পর কোনো চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে। ইউটিউবের সঙ্গে বিশেষ অংশীদারিত্বের মাধ্যমে বিশ্বব্যাপী দর্শকরা এটি দেখতে পাবেন। এছাড়া সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এবং সোনি লিভ-এ অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে।