পর্যটন নগরী দিঘার সমুদ্র সৈকত থেকে অবৈধভাবে বালি চুরির অভিযোগে হাতেনাতে ধরা পড়ল ৬ জন পাচারকারী।রাতে দিঘা মোহনা উপকূল থানার পুলিশ মৈত্রাপুর সংলগ্ন এলাকা থেকে তিনটি বালি ভর্তি ডাম্পারসহ তাদের গ্রেফতার করে। স্থানীয় সূত্রে জানা গেছে,রাতের অন্ধকারে মৈত্রাপুর এলাকায় সমুদ্রের চর থেকে ডাম্পারে বালি লোড করছিল একদল যুবক। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তারা পুলিশে খবর দেন।
দিঘা মোহনা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বালি বোঝাই ডাম্পারগুলিকে আটক করে।বালি পরিবহণের বৈধ কাগজ দেখাতে না পারায় তিন ডাম্পার চালক ও তিন খালাসীসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলো শেখ সোলেমান (চণ্ডীপুর), আশীষ প্রতিহার (লালগড়), সুরজিৎ প্রামাণিক, স্বপন কুমার মিদ্দ্যা, রঞ্জিত মাইতি ও কৃষ্ণ প্রসাদ ভূঁইয়া (নন্দকুমার)।
ধৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জামিনের আবেদন নাকচ করে জেল হেফাজতের নির্দেশ দেন। সমুদ্রের পরিবেশ রক্ষা ও বেআইনি কারবার রুখতে পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
