শোবার ঘর থেকে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার।
বৃহস্পতিবার সকালেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পাকুয়াহাট এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর মর্গে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম মেহেক বিশ্বাস (১৮)। সে মালদার পাকুয়াহাট এএনএম হাইস্কুলের ছাত্রী ছিল। চলতি বছর কলা বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়।
বুধবার রাতে বাড়ির সদস্যরা একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। গভীর রাতে বাড়ি ফিরে পরিবারের সদস্যরা দেখেন, ঘরের সিলিংয়ে ওড়না জড়ানো অবস্থায় ঝুলছে ওই ছাত্রী।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতার বাবা আশুতোষ বিশ্বাস পেশায় কৃষক ও মা লিপিকা বিশ্বাস গৃহবধূ। তিন বোনের মধ্যে মেহেক ছিল বড়।
রাতে গ্রামের একটি অনুষ্ঠানে বাবা-মা ও দুই বোন গেলেও মেহেক বাড়িতেই ছিল বলে জানিয়েছেন পরিবার।
মৃতার বাবা আশুতোষ বিশ্বাস জানান, “রাতে অনুষ্ঠান বাড়ি থেকে ফিরে এসে দেখি মেয়ে ঘরের মধ্যে ঝুলছে। কীভাবে এমন ঘটনা ঘটল কিছুই বুঝতে পারছি না।”
ঘটনার পর পুলিশ ছাত্রীর ব্যবহৃত মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে।
প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার পেছনে ব্যক্তিগত সম্পর্ক বা অন্য কোনও কারণ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার জেরে শোকের ছায়া এলাকায়।
