রাজগঞ্জ বিধানসভা এলাকায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করলেন বিধায়ক খগেশ্বর রায়। এদিন রাজগঞ্জ বিধানসভা এলাকার বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের মহামায়া কলোনিতে প্রায় দেড় কিলোমিটার পাকা রাস্তার শিলান্যাস করা হয়।
জেলা পরিষদের উদ্যোগে প্রায় ২৪ লক্ষ টাকার ব্যয়ে এই রাস্তা নির্মাণ করা হবে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে এই রাস্তা তৈরি হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে ও সাধারণ মানুষের যাতায়াতে সুবিধা মিলবে।
এছাড়াও আমবাড়ি ফালাকাটা চিন্তামোহ উচ্চ বিদ্যালয়ে একটি মুক্তমঞ্চ নির্মাণের শিলান্যাস করা হয়। বিদ্যালয়ের সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে এই মুক্তমঞ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।
পাশাপাশি সাহুডাঙ্গি এলাকায় পাকা ড্রেন তৈরির কাজেরও সূচনা করেন বিধায়ক, যার ফলে জলনিকাশির সমস্যা অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, পঞ্চায়েত সমিতির সদস্যা সর্বাণি ধারা, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি ও বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজউদ্দিন আহমেদ, বিজয় দাস, প্রফুল্ল রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিধায়ক জানান, রাজগঞ্জ বিধানসভা এলাকায় ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কাজ চলবে ও সাধারণ মানুষের চাহিদাকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া হবে।
