শিলিগুড়ির হিলকার্ট রোডে নির্বাচনী আবহে দেখা গেল ব্যস্ততা ও ভিন্নধর্মী রাজনৈতিক ছবি। সোমবার সকালেই জনসংযোগ ও নির্বাচনী প্রচারে নামলেন বিজেপি প্রার্থী শংকর ঘোষ।
নাবালিকা মৃত্যুর ঘটনায় অভিযুক্ত গ্রেফতারের পর এলাকায় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পথচারী ও দোকানদারদের সঙ্গে কথা বলেন শংকর ঘোষ। এদিনই মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে শহরে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সেই শোভাযাত্রায় অংশ নেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। হিলকার্ট রোড ধরে গুরুনানক চকের দিকে অগ্রসর হওয়া এই শোভাযাত্রা এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি করে।
উল্লেখ্য, জনসংযোগ কর্মসূচির মাঝেই শোভাযাত্রার সঙ্গে মিশে যান বিজেপি প্রার্থী শংকর ঘোষ। প্রথমে গৌতম দেবকে শোভাযাত্রায় দেখা গেলেও কিছুক্ষণের মধ্যেই একই শোভাযাত্রার দ্বিতীয় সারিতে ধর্মীয় পতাকা হাতে দেখা যায় শংকর ঘোষকে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও একই ধর্মীয় অনুষ্ঠানে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপস্থিতি এলাকায় এক ভিন্ন বার্তা দেয়।
