শিলিগুড়িতে শুরু শঙ্কর ঘোষের ‘দিনযাপন কর্মসূচি’

আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে জনসংযোগ আরও জোরদার করতে নতুন কর্মসূচি শুরু করলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। ‘দিনযাপন কর্মসূচি’ নামে এই উদ্যোগের সূচনা হল আজ সকালে শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ড থেকে। কর্মসূচির শুরুতেই এলাকার মনীষীদের মূর্তিতে মাল্যদান করেন তিনি। এই নতুন উদ্যোগ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে শংকর ঘোষ জানান, “দিনযাপন কর্মসূচির মূল উদ্দেশ্য হল প্রতিটি ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সময় কাটানো, তাদের সমস্যা শোনা এবং সেই সমস্যার বাস্তব চিত্র বুঝে নেওয়া। মানুষের কাছে পৌঁছতে এবং তাদের কথা মন দিয়ে শুনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

আজকের কর্মসূচিতে তিনি ৪৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। স্থানীয় মানুষেরা তাদের দৈনন্দিন সমস্যা, পরিকাঠামোর অভাব এবং নাগরিক পরিষেবার বিভিন্ন ত্রুটি তুলে ধরেন। পাশাপাশি, এলাকার কয়েকটি সংগঠনের প্রতিনিধিরাও তাঁর সঙ্গে আলোচনায় অংশ নেন। এদিন স্থানীয় বাসিন্দারা তাঁকে একটি পার্কে নিয়ে যান, যা দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। বাসিন্দাদের অভিযোগ, প্রায় ৭-৮ বছর ধরে পার্কটি অচল হয়ে পড়ে আছে। বিষয়টি নিয়ে বহুবার মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরের কাছে জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয়দের দাবি, পার্কটি সংস্কার করে এলাকাবাসীর জন্য পুনরায় চালু করা হোক। তাঁদের কথায়, “আমরা বহুবার জানিয়েছি, কিন্তু কোনও সমাধান হয়নি। তাই আজ আপনি এসেছেন, আপনাকে বিষয়টি দেখালাম—আশা করি আপনি উদ্যোগ নেবেন।”এই প্রেক্ষিতে শংকর ঘোষ আশ্বাস দেন, মানুষের এই সমস্যাগুলি তিনি গুরুত্ব সহকারে দেখবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন। ‘দিনযাপন কর্মসূচি’র মাধ্যমে আগামী দিনে আরও বিভিন্ন ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।