প্রবল ঝড়ে বি*পর্যস্ত শিলিগুড়ি!

প্রবল ঝড়-বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে গভীর রাতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে শিলিগুড়ির বিস্তীর্ণ এলাকা। শহরের বিভিন্ন প্রান্তে গাছ ভেঙে পড়ে, যার জেরে ব্যাহত হয় যান চলাচল ও একাধিক এলাকায় বিদ্যুৎ পরিষেবাও বিপর্যস্ত হয়ে পড়ে।

ক্ষয়ক্ষতির ঘটনা সামনে আসে ৪১ নম্বর ওয়ার্ডের বঙ্কিমনগর এলাকায়, ইসকন মন্দির সংলগ্ন অঞ্চলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৪০ বছরের পুরোনো দুটি বিশাল গাছ উপড়ে পড়ে সরাসরি বাড়ির উপর। এমনকি একটি শনি মন্দিরও ক্ষতিগ্রস্ত হয়। গাছের মোটা গুঁড়ি ঘরের ভিতরে ঢুকে পড়লেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাসিন্দারা।

ঝড়ের জেরে একটি বিদ্যুতের খুঁটির উপর গাছ ভেঙে পড়ায় পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে রাতভর অন্ধকারে ডুবে থাকে গোটা বঙ্কিমনগর এলাকা, যার ফলে আতঙ্ক আরও বাড়ে স্থানীয়দের মধ্যে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুরনিগমের আধিকারিকরা। পাশাপাশি ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিবিকা মিত্তাল এলাকায় এসে পরিস্থিতি খতিয়ে দেখেন ও দ্রুত গাছ সরানো ও রাস্তা পরিষ্কার করার নির্দেশ দেন।

অন্যদিকে, শহরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে পরিস্থিতি পর্যালোচনা করেন মেয়র গৌতম দেব। পুর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে ও দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।