OPD সময় বাড়াল শিলিগুড়ি জেলা হাসপাতাল

কাজের চাপে অনেক সময়ই অসুস্থতা নিয়ে চিকিৎসকের কাছে যাওয়া হয়ে ওঠে না। সেই সমস্যার সমাধানেই বড় উদ্যোগ নিল শিলিগুড়ি জেলা হাসপাতাল। এবার থেকে হাসপাতালের আউটডোর বিভাগ (OPD) দুপুর ২টার বদলে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এর ফলে কর্মজীবী মানুষ ও দূরদূরান্ত থেকে আসা রোগীদের জন্য ডাক্তার দেখানো আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

এতদিন সময়সীমা কম থাকায় বহু রোগীকেই সমস্যায় পড়তে হত। নতুন সিদ্ধান্তে সেই ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা হাসপাতাল কর্তৃপক্ষের।

এদিন আনুষ্ঠানিকভাবে এই নতুন প্রক্রিয়ার সূচনা করেন শিলিগুড়ির মেয়র তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের সুপার, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।

গৌতম দেব জানান, সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য ও কার্যকর করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভবিষ্যতেও স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে আরও পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নতুন সময়সূচি ইতিমধ্যেই কার্যকর হয়েছে। ফলে এখন থেকে রোগীরা বিকেল ৪টা পর্যন্ত OPD পরিষেবা নিতে পারবেন।