প্রেসক্রিপশন গাফিলতির অভিযোগে উত্তাল শিলিগুড়ি জেলা হাসপাতাল

শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসকদের প্রেসক্রিপশন সংক্রান্ত গাফিলতির অভিযোগে গর্জে উঠল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। বুধবার এই অভিযোগকে কেন্দ্র করে হাসপাতাল সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে সামিল হয় সংগঠনের কর্মী-সমর্থকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, চিকিৎসকদের দেওয়া বহু প্রেসক্রিপশনে ওষুধের নাম এমন অস্পষ্ট ও দুর্বোধ্যভাবে লেখা হচ্ছে, যা কোনো মেডিসিন শপেই বুঝতে বা সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। এর ফলে রোগী ও তাঁদের পরিজনদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে এবং চিকিৎসা পেতে বিলম্ব ঘটছে।

এছাড়াও বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিষেবা নিতে এসে বহু রোগী ও তাঁদের পরিবারকে অমানবিক আচরণের সম্মুখীন হতে হচ্ছে। সংগঠনের দাবি, হাসপাতালের কিছু চিকিৎসক, নার্স ও কর্মীদের আচরণ চিকিৎসা নীতির সম্পূর্ণ পরিপন্থী এবং তা রোগীদের মৌলিক মানবাধিকারকেও লঙ্ঘন করছে। একাধিকবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

সংগঠনের নেতাদের বক্তব্য, শুধু চিকিৎসার মান নয়, রোগী ও তাঁদের পরিবারের সঙ্গে মানবিক ও সংবেদনশীল আচরণ নিশ্চিত করাও সরকারি হাসপাতালের দায়িত্ব। কিন্তু বাস্তবে সেই চিত্র ধরা পড়ছে না বলেই অভিযোগ। এই পরিস্থিতির অবিলম্বে সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। যদিও এই গোটা বিষয়টি নিয়ে হাসপাতাল সুপার চন্দন ঘোষের বক্তব্য, এই বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি।অভিযোগ হলে অবশ্যই খতিয়ে দেখা হবে।