নদীতে প্লাস্টিক দূষণ রোধে সরব সমাজসেবী উত্তম চট্টোপাধ্যায়

বর্ষা শুরুর আগেই সাহু নদীতে জমে থাকা বিপুল প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য ঘিরে উদ্বেগ প্রকাশ করলেন সমাজসেবী উত্তম চট্টোপাধ্যায়।

তাঁর দাবি, নদীর বুকে জমে থাকা এই প্লাস্টিক বর্ষার জলে ভেসে গিয়ে বৃহত্তর জলপথ ও শেষপর্যন্ত পরিবেশের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

পরিবেশ দূষণের আশঙ্কা তুলে ধরে তিনি বিষয়টি প্রশাসনের নজরে আনেন। পাশাপাশি ৬০ মাইক্রনের নিচে প্লাস্টিক উৎপাদন ও পাইকারি বেচাকেনা বন্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবিও জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক সংগঠনের কাছে চিঠি পাঠিয়েছেন বলে জানান তিনি।

প্রথমে ব্যক্তিগত উদ্যোগে নদী পরিষ্কারের কাজ শুরু হলেও পরে প্রশাসনের সহায়তা মেলে বলে উল্লেখ করেন তিনি।

শিলিগুড়ির ডেপুটি মেয়রের হস্তক্ষেপে চারজন শ্রমিক নিয়োগ করা হয়। বর্তমানে শ্রমিকদের সহায়তায় জোরকদমে চলছে পরিষ্কার অভিযান।

উত্তম চট্টোপাধ্যায়ের দাবি, নির্ধারিত সময়ের মধ্যেই নদী পরিষ্কারের কাজ সম্পূর্ণ হবে।

পরিবেশ রক্ষায় প্রশাসন ও সাধারণ মানুষের যৌথ উদ্যোগই একমাত্র সমাধান এমনটাই মত সমাজসেবী উত্তম চট্টোপাধ্যায়ের।