সম্প্রতি দেশে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। জম্মু ও কাশ্মীরের ডোডায় সেনার গাড়ি ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়। সেনার একটি গাড়ি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় গভীর খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় ১০ জন সেনা প্রাণ হারান এবং ১০ জন আহত হন।
সেনার ওই ক্যাসপার ট্রাকটি ডোডায় ভাদেরওয়াহ-চাম্বা সড়ক ধরে যাচ্ছিল। সেটি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এমতাবস্থায়, উদ্ধারকাজ দ্রুত শুরু করা হয়। এদিকে, এই দুর্ঘটনায় মৃত জওয়ানদের উদ্দেশ্যে শোকজ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি জানিয়েছেন ‘জম্মু ও কাশ্মীরের ডোডায় দুর্ঘটনায় ভারতীয় সেনা জওয়ানদের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। আমি শোকসন্তপ্ত পরিবারগুলিকে গভীর সমবেদনা জানাই এবং আহত সেনাদের দ্রুত আরোগ্য কামনা করি।’
উল্লেখ্য যে, কীভাবে এই ঘটনা ঘটল সেই বিষয়ে একজন আধিকারিক জানিয়েছেন, অজানা কারণে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে। উদ্ধারের জন্য দলগুলিকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠানো হয়। আহত সেনাদের দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিকটবর্তী একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
