১৯শে মার্চ থেকে স্ট্রিমিং শুরু: কলকাতায় সনি লিভ লঞ্চ করল তাদের আসন্ন সিরিজ ‘জ্যাজ সিটি’

সনি লিভ তাদের বহু প্রতীক্ষিত অরিজিনাল সিরিজ ‘জ্যাজ সিটি’-এর প্রচারণায় কলকাতায় এক তারকাখচিত সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। ১৯৭০-এর দশকের কলকাতার পটভূমিতে তৈরি ‘জ্যাজ সিটি’ একটি কাল্পনিক গল্প, যেখানে শহরের পুরনো আমেজকে সঙ্গী করে আত্মিক সংগীত এবং মানবিক দ্বন্দ্বের মেলবন্ধন ঘটানো হয়েছে। ২০২৬ সালের ১৯ মার্চ প্রিমিয়ার হতে চলা এই সিরিজটি একটি স্বল্প আলোয় আলোকিত জ্যাজ ক্লাবের ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে ওঠে, যেখানে সুরের মূর্ছনায় লুকিয়ে থাকে গোপন সংকেত এবং পরিচয় রক্ষার লড়াই হয়ে দাঁড়ায় প্রধান। সিরিজটি সম্পর্কে পরিচালক সৌমিক সেন তাঁর ভাবনা শেয়ার করে বলেন, “একটি পরিবর্তনশীল সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত মানবিক গল্প বলার ইচ্ছা থেকেই ‘জ্যাজ সিটি’-র জন্ম। লেখক ও নির্মাতা হিসেবে আমি এমন একটি গল্প বলতে চেয়েছিলাম যা ১৯৭১ সালের কলকাতার একটি কাল্পনিক জ্যাজ ক্লাবকে কেন্দ্র করে আবর্তিত হয়, যেখানে ট্রাম্পেট আর স্যাক্সোফোনের সুরের আড়ালে লুকিয়ে থাকে নানা রহস্য। ‘জ্যাজ সিটি’ সেই সময়ের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি, এবং আমি আশা করি দর্শকরা আমার সৃজনশীল ভাবনার সঙ্গে সংযোগ খুঁজে পাবেন।”

প্রযোজক অর্পিতা চট্টোপাধ্যায় বলেন, “প্রযোজক হিসেবে ‘জ্যাজ সিটি’র যে বিষয়টি নিয়ে আমি সবচেয়ে বেশি গর্ববোধ করি তা হলো আমাদের এই অবিশ্বাস্য টিম, যারা অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে এই জগতটি তৈরি করতে চেয়েছে। চিত্রনাট্য এবং অভিনয় থেকে শুরু করে কারিগরি দক্ষতা পর্যন্ত, প্রতিটি বিভাগে তারা তাদের সর্বস্ব ঢেলে দিয়েছে। সনি লিভ-এর সঙ্গে এটি একটি চমৎকার সহযোগিতার যাত্রা ছিল। আমি সেই সব নিবেদিতপ্রাণ শিল্পী ও ক্রুয়ের কাছে কৃতজ্ঞ যারা প্রথম দিন থেকেই এই গল্পের ওপর বিশ্বাস রেখেছিলেন।” অভিনেত্রী সৌরসেনী মৈত্রর বক্তব্য, “চিত্রনাট্যটি পড়ার সঙ্গে সঙ্গেই আমি জানতাম ‘জ্যাজ সিটি’ বিশেষ কিছু হতে চলেছে। এর কাহিনি অত্যন্ত আবেগঘন এবং গভীর স্তরে স্তরে বিন্যস্ত, যা আমাকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছে। আমার চরিত্র ‘শীলা’ তার শক্তি, মমতা এবং সাহসের মাধ্যমে অনেক মানুষের হৃদয়ে জায়গা করে নেবে।” অভিনেতা আরিফিন শুভ বলেন, “জিমি রায়ের চরিত্রের বিভিন্ন দিক আমায় পরিচালক খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন, যা আমাকে তার মানসিক পরিবর্তন সহজভাবে বুঝতে সাহায্য করেছে। পরিচালক সৌমিক দা এবং পুরো টিম আমাকে সূক্ষ্ম বিষয়গুলো ধরিয়ে দিয়ে নির্দেশ দিয়েছেন যা জিমির চরিত্রটিকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করেছে। জিমির চরিত্রটি জটিল, সেখানে বুদ্ধিমত্তা ও আকর্ষণের সঙ্গে গভীর নৈতিক ও মানসিক জটিলতা মিশে রয়েছে। সঠিক ভারসাম্য বজায় রাখা এখানে চ্যালেঞ্জিং ছিল, তবে আমি খুশি যে আমি নিজের মতো করে এই স্তরগুলো খুঁজে পেয়েছি।”

সৌমিক সেনের সৃষ্টি, রচনা ও পরিচালনায় এবং স্টুডিও ৯ ও স্টুডিও নেক্সট-এর প্রযোজনায় এই সিরিজে অভিনয় করেছেন আরিফিন শুভ, সৌরসেনী মৈত্র, শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতফ ফিগার, আলেকজান্দ্রা টেলর এবং অমিত সাহা। আগামী ১৯ মার্চ থেকে ‘জ্যাজ সিটি’ দেখা যাবে শুধুমাত্র সনি লিভ-এ।