সাউথ আফ্রিকান ট্যুরিজম-এর কলকাতা রোডশো-র অসাধারণ সাফল্য

ওটিএম মুম্বইতে সফল রোডশো করার পর, সাউথ আফ্রিকান ট্যুরিজম আজ তাদের বার্ষিক ইন্ডিয়া রোডশো’র কলকাতা পর্ব সাফল্যের সঙ্গে শেষ করেছে। ভারতের পর্যটন বাজারের ক্রমবর্ধমান গুরুত্বকে মাথায় রেখে এবং স্থানীয় ট্রাভেল ট্রেড পার্টনারদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কেটিং ও কমিউনিকেশন ম্যানেজার (MEISEA) মিতালী কর্মকারের নেতৃত্বে আয়োজিত এই রোডশোটি লেজার, কর্পোরেট এবং মাইস ট্রাভেলের ক্ষেত্রে নতুন ব্যবসায়িক সুযোগ খোঁজার এক কৌশলগত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। ৪০টিরও বেশি প্রদর্শক সংস্থার উপস্থিতিতে কলকাতার ২২০টিরও বেশি ট্রাভেল এজেন্ট এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আগামী ১২ই ফেব্রুয়ারি এই রোডশো দিল্লিতে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে মিতালী কর্মকার জানান যে, ভারতীয় পর্যটকরা এখন অনেক বেশি অভিজ্ঞতা নির্ভর এবং প্রিমিয়াম ভ্রমণের দিকে ঝুঁকছেন। বিশেষ করে কলকাতার পর্যটকরা সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রকৃতির মিশেলে তৈরি দীর্ঘমেয়াদী ভ্রমণের প্রতি আগ্রহী। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমানের পর্যটকরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ভ্রমণের পরিকল্পনা সাজাচ্ছেন এবং দক্ষিণ আফ্রিকার পরিচিত স্থানের বাইরেও নতুন নতুন অঞ্চল খুঁজতে চাইছেন। কলকাতার এই গুরুত্বপূর্ণ বাজার থেকে দক্ষিণ আফ্রিকায় পর্যটকের সংখ্যা বৃদ্ধি করাই তাঁদের মূল লক্ষ্য।

সাউথ আফ্রিকান ট্যুরিজম ২০২৬ সালের মধ্যে ভারতীয় পর্যটকের সংখ্যাকে কোভিড-পূর্ববর্তী পর্যায়ে ফিরিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলায় পর্যটনের ক্ষেত্রে এক বিশাল সম্ভাবনা রয়েছে। ওটিএম এবং এই রোডশোগুলোর মাধ্যমে পর্যটন বোর্ড তাদের উপস্থিতি আরও শক্তিশালী করছে, যা আগামী দিনে আরও বেশি সংখ্যক ভারতীয় পর্যটককে ‘রেইনবো ল্যান্ড’ ভ্রমণে উৎসাহিত করবে।