আইপিএল শুরুর ঠিক আগ মুহূর্তে বড়সড় ধাক্কা খেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগেই বোলিং বিভাগ নিয়ে দুশ্চিন্তায় গতবারের চ্যাম্পিয়নরা। দলের গুরুত্বপূর্ণ লঙ্কান পেসার নুয়ান তুষারাকে আইপিএল খেলার অনুমতি দিল না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (SLC)।বিদেশি লিগে ক্রিকেটারদের অংশগ্রহণের বিষয়ে এবার নজিরবিহীন কঠোর অবস্থান নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। বোর্ডের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, জাতীয় দলের স্বার্থে ফিটনেসের ক্ষেত্রে সামান্যতম আপসও করা হবে না। এই কড়াকড়ির কারণেই এবার আরসিবির হয়ে খেলার এনওসি বা অনাপত্তিপত্র পেলেন না নুয়ান তুষারা।
আশ্চর্যের বিষয় হলো, তুষারার শরীরে কোনো চোট নেই। তিনি স্বাভাবিকভাবে বল করছেন এবং অনুশীলনও চালিয়ে যাচ্ছেন। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ফিটনেসের যে নতুন ও উচ্চতর মানদণ্ড নির্ধারণ করেছে, তুষারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি নির্ধারিত মানের ধারেকাছেও পৌঁছাতে পারেননি, তাই তাঁকে ফিটনেস বৃদ্ধির পরামর্শ দিয়ে দেশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
গত নিলামে ১ কোটি ৬০ লাখ টাকায় নুয়ান তুষারাকে দলে নিয়েছিল বেঙ্গালুরু কর্তৃপক্ষ। এশিয়া কাপে খেললেও পরবর্তীকালে ফর্মের অভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাননি তিনি। এবার আইপিএল খেলে নিজেকে প্রমাণের সুযোগ থাকলেও ফিটনেস জটিলতায় তা হাতছাড়া হলো তাঁর। বোর্ডের এই কঠোর অবস্থানের কারণে আইপিএলের পরের দিকেও তাঁর খেলার সম্ভাবনা ক্ষীণ।বেঙ্গালুরু শিবিরের জন্য এটি বড় ক্ষতি, কারণ তুষারার স্লিঙ্গিং অ্যাকশন ডেথ ওভারে দলের জন্য কার্যকর হতে পারত। এখন দেখার বিষয়, তুষারার বিকল্প হিসেবে আরসিবি কোনো নতুন বিদেশি বোলারকে দলে টানে কি না।
