তিন খান, গোবিন্দা অউর উনকি রানি: বিনোদনের ভরপুর ডোজ নিয়ে আসছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ সিজন ৪

এবারের কপিল শর্মার মঞ্চ যেন আস্ত এক বলিউড মাল্টিভার্সে পরিণত হয়েছে। তালি, শিস আর আইকনিক সব মুহূর্তের মাঝে কপিল যখন তাঁর চিরচেনা স্টাইলে আমির খানকে প্রশ্ন করলেন, “খান্ডালায় গিয়ে কী করবেন?” আমির হেসে জবাব দিলেন যে তিনি অবশেষে এর উত্তর খুঁজে পেয়েছেন। কপিল মজা করে পুরোনো গানের কলি মনে করিয়ে দিলেও আমির এক অদ্ভুত টুইস্ট দিয়ে বললেন, “খান্ডালায় এবার টোফুর ফ্যাক্টরি দেব!” আমিরের এই মজার উত্তর শুনে হাসির রোল ওঠে পুরো সেটে।

তবে চমক এখানেই শেষ নয়। নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো সিজন ৪’-এর এই পর্বে দেখা যাবে চরিত্রের মেলা। সুনীল গ্রোভার আমির ও সলমন খানের নকল করে তাক লাগিয়ে দেন, অন্যদিকে কৃষ্ণা অভিষেক ধরা দেন শাহরুখ খান ও গোবিন্দার অবতারে। কিকু শারদা সইফ আলি খান সেজে হাসির পারদ আরও বাড়িয়ে দেন। আর এই সব পাগলামির মাঝে মধ্যমণি হয়ে বসে ছিলেন স্বয়ং রানি মুখোপাধ্যায়। মজার ছলে সুনীল গ্রোভার যখন রানির সঙ্গে ‘মর্দানি ৪’-এর পরিকল্পনা ঘোষণা করেন, তখন আনন্দের সীমা ছিল না দর্শকদের। অনুষ্ঠানে রানি তাঁর জাতীয় পুরস্কার জয়ী সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ নিয়ে কথা বলেন। তিনি জানান, এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি তাঁর মায়ের হাবভাব অনুসরণ করেছিলেন এবং গর্বের সঙ্গে তাঁকে “বেঙ্গল টাইগার্স” বলে সম্বোধন করেন।

সবশেষে উঠে আসে বলিউডের রোম্যান্স কিং আদিত্য চোপড়ার ব্যক্তিগত জীবনের গল্প। যখন কপিল রানিকে জিজ্ঞেস করেন যে রোম্যান্টিক হিসেবে আদিত্যকে তিনি ১০-এর মধ্যে কত দেবেন, রানি এক মুহূর্তও না ভেবে উত্তর দেন “১৫/১০”। রানির এই মিষ্টি স্বীকারোক্তি দর্শকদের মন জয় করে নেয়। আইকনিক তারকা, প্রাণখোলা হাসি আর দারুণ সব চমক নিয়ে এই এপিসোডটি হতে চলেছে এক মহাউৎসব।