রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা বাপশ্চিমবঙ্গ যৌথ প্রবেশিকা পরীক্ষা বোর্ড-এর পরীক্ষা কবে হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বোর্ড সূত্রে ইঙ্গিত, মে মাসের আগে পরীক্ষা আয়োজন করা কার্যত কঠিন।
চলতি মাসের ২৭ তারিখ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে। পাশাপাশি আইএসসি ও সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষাও চলছে। তবে এখনও রাজ্য জয়েন্টের আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। গত বছর এপ্রিলের শেষ সপ্তাহে পরীক্ষা হয়েছিল। কিন্তু এ বছর সেই সময়ে বিধানসভা নির্বাচন চলার সম্ভাবনা থাকায় পরীক্ষা নেওয়া প্রায় অসম্ভব বলে মনে করছেন শিক্ষকমহলের একাংশ।
সম্প্রতি বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন গৌতম পাল। তাঁর সামনে এখন বড় চ্যালেঞ্জ দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে পরীক্ষার দিন ঘোষণা করা। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্চশিক্ষা দফতরের সঙ্গে আলোচনাও শুরু হয়েছে সম্ভাব্য দিনক্ষণ নিয়ে।
সাধারণত ডিসেম্বরের শেষ দিক থেকেই ফর্ম ফিল-আপ ও অন্যান্য প্রস্তুতি শুরু হয়। কারণ এই পরীক্ষায় রাজ্যের বাইরে থেকেও প্রায় ৪০ শতাংশ পড়ুয়া অংশ নেন। দিন ঘোষণার পর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে অন্তত এক মাস সময় লাগে। এ বছর এখনও সেই প্রক্রিয়া শুরু না হওয়ায় দেরির আশঙ্কা আরও জোরালো হয়েছে।
এদিকে সর্বভারতীয় স্তরে জয়েন্ট মেন্সের ফল প্রকাশ হয়ে গেছে এবং অ্যাডভান্স পরীক্ষাও সামনে। দেরি হলে অনেক পড়ুয়া ভিনরাজ্যে ভর্তির দিকে ঝুঁকতে পারেন, ফলে রাজ্যের সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে আসন ফাঁকা থাকার আশঙ্কা বাড়ছে।
তার উপর মার্চ মাসে এসএসসি-সহ একাধিক পরীক্ষার সূচি নির্ধারিত রয়েছে। নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় বাহিনী এলে বহু স্কুল-কলেজ পরীক্ষাকেন্দ্র হিসেবে পাওয়া নাও যেতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি জটিল হলেও বোর্ডের আশা, পরীক্ষা দেরিতে হলেও জুলাইয়ের মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ের পাঠক্রম শুরু করা সম্ভব হবে।
বিধানসভা ভোটের ছায়ায় রাজ্য জয়েন্ট,মে -র আগে পরীক্ষার সম্ভাবনা কম
