উত্তরবঙ্গের রাজনীতিতে বড়সড় চমক। অর্জুন পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক ক্রীড়াবিদ স্বপ্না বর্মন যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।
শুক্রবার কলকাতার তৃণমূল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু ও শিলিগুড়ির মেয়র গৌতম দেব-এর উপস্থিতিতে দলীয় পতাকা তুলে নেন তিনি।
তৃণমূল নিয়ে যোগ দিতেই রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে শহর শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম – ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে স্বপ্না বর্মনকে প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস।
যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে দল বা স্বপ্না বর্মনের তরফে কিছু জানানো হয়নি, তবুও তাঁর যোগদানকে ঘিরে উত্তরবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দেখছেন বিশ্লেষকরা।
দলীয় সূত্রে জানা গিয়েছে, যুব সমাজ ও ক্রীড়া মহলে স্বপ্না বর্মনের জনপ্রিয়তাকে কাজে লাগাতেই তাঁকে দলে আনা হয়েছে। উত্তরবঙ্গের মেয়ে হিসেবে তাঁর সামাজিক গ্রহণযোগ্যতা ও সংগ্রামী জীবনকাহিনি রাজনৈতিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে তৃণমূল নেতৃত্ব।
অন্যদিকে, বিরোধী শিবিরও বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে। রাজনৈতিক মহলের মতে, ক্রীড়া জগতের পরিচিত মুখকে সামনে এনে উত্তরবঙ্গে নিজেদের সংগঠন আরও মজবুত করার কৌশল নিয়েছে শাসকদল।
স্বপ্না বর্মন এদিন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “মানুষের জন্য কাজ করার ইচ্ছা থেকেই রাজনীতিতে আসা। দলের নেতৃত্ব যে দায়িত্ব দেবে, তা নিষ্ঠার সঙ্গে পালন করব।”
সব মিলিয়ে, স্বপ্না বর্মনের এই রাজনৈতিক ইনিংস উত্তরবঙ্গের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।
