২০২৬ অর্থবর্ষে টাফে’র রেকর্ড বিক্রি

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ট্রাক্টর নির্মাতা এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম ট্রাক্টর কোম্পানি ‘ট্রাক্টরস অ্যান্ড ফার্ম ইকুইপমেন্ট লিমিটেড’ (টাফে), ২০২৬ অর্থবর্ষে এক ঐতিহাসিক সাফল্যের কথা ঘোষণা করেছে। এই বছর কোম্পানিটি প্রায় ২,১৪,৯৫১টি ট্রাক্টর বিক্রি করেছে, যা তাদের ব্যবসার ইতিহাসে সর্বোচ্চ। ২০২৬ সালের মার্চ মাসে কোম্পানিটি ৩৭.৪% প্রবৃদ্ধি অর্জন করেছে। যা এই মাসে দেশীয় ট্রাক্টর ইন্ডাস্ট্রির সামগ্রিক প্রবৃদ্ধির (২৯%) তুলনায় অনেক বেশি। টাফে-র শক্তিশালী পণ্য তালিকা, কৃষকদের সঙ্গে গভীর সংযোগ এবং প্রধান কৃষি অঞ্চলে এর ধারাবাহিক চাহিদা এই প্রবৃদ্ধিকে প্রতিফলিত করে। কোম্পানিটি দেশীয় বাজারে বিক্রির ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়েছে। তাদের উভয় ব্র্যান্ড ম্যাসি ফার্গুসন এবং আইশার ট্রাক্টরস সর্বোচ্চ বিক্রির নজির গড়েছে। টাফে-র রপ্তানি গতিও ছিল চোখে পড়ার মতো; আন্তর্জাতিক বাজারে ১২,৫৮৪টি ট্রাক্টর পাঠিয়ে তারা বিশ্ববাজারে নিজেদের শক্তিশালী উপস্থিতি এবং বহুমুখী প্রবৃদ্ধিকে তুলে ধরেছে।

দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা মেটাতে টাফে-এর কারখানাগুলো সারা বছর সর্বদা কাজ করে চলেছে। ভবিষ্যতে এই নেতৃত্ব ধরে রাখতে কোম্পানিটি এখন উৎপাদন ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে। টাফে-র ভাইস চেয়ারম্যান ডঃ লক্ষ্মী বেণু বলেন, “এবছর ট্রাক্টরের বাজার অত্যন্ত ইতিবাচক ছিল। অনুকূল বর্ষার পাশাপাশি, সরকারের জিএসটি কমানোর সিদ্ধান্ত কৃষি ক্ষেত্রে স্বস্তি এনে দিয়েছে। আমরা গ্রামীণ এলাকায় ট্রাক্টরের ব্যবহার বাড়ার প্রবণতা লক্ষ্য করছি। ক্ষুদ্র কৃষকদের মধ্যে যন্ত্রের ব্যবহার বাড়ছে, যা কৃষির উৎপাদনশীলতা এবং কৃষকদের আয় বৃদ্ধিতে দীর্ঘমেয়াদী ভূমিকা পালন করছে। টাফে সবসময় গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদার ওপর গুরুত্ব দিয়েছে, যার ফলেই আমরা এই সাফল্য অর্জন করতে পেরেছি।”

যদিও বর্তমানে মুদ্রাস্ফীতি ও উৎপাদন খরচ বাড়ছে, তবুও ভারতীয় কৃষিব্যবস্থার মূল ভিত্তি এখনও মজবুত রয়েছে। ভবিষ্যতের দিকে তাকিয়ে টাফে তাদের এই প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে আত্মবিশ্বাসী।