উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বহুল প্রতীক্ষিত ফুল উৎসব—৪২তম নর্থ বেঙ্গল ফ্লাওয়ার্স ফেস্টিভ্যাল শুরু হতে চলেছে আগামী ৫ ফেব্রুয়ারি। শিলিগুড়ি হর্টিকালচারাল সোসাইটির উদ্যোগে এই উৎসব উপলক্ষে শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবছর প্রায় ৩ হাজার টবের ফুল নিয়ে এক বর্ণাঢ্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি বিকেল ৫টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
উৎসব চলাকালীন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যান পালন দপ্তরের উদ্যোগে ফুল চাষ ও বিপণন বিষয়ক সেমিনারের আয়োজন করা হবে। পাশাপাশি সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতাও থাকছে। আগামী ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিনামূল্যের গ্রুপ পাস। এছাড়াও মাটিগাড়া সায়েন্স সেন্টার তাদের বিভিন্ন কর্মকাণ্ড প্রদর্শনের সুযোগ পাবে।
উৎসবে কৃষকদের জন্য একটি বিশেষ মঞ্চ রাখা হয়েছে, যেখানে তারা নিজেদের উৎপাদিত ফুল, গাছ, ফল ও সবজি প্রদর্শন ও বিক্রি করতে পারবেন। এর মাধ্যমে স্থানীয় কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি দেশীয় উৎপাদনের প্রসার ঘটবে বলে জানিয়েছেন আয়োজকরা। উল্লেখ্য, ৫ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ফুল উৎসব। শিলিগুড়ি হর্টিকালচারাল সোসাইটির পক্ষ থেকে সকলকে এই বর্ণাঢ্য ফুল উৎসবে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
