ডিজিটাল ব্যবহারের সঙ্গে পাল্লা দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় বাড়ছে সাইবার অপরাধ। অনলাইন প্রতারণায় প্রতি বছরই বিপুল অঙ্কের টাকা খোয়াচ্ছেন সাধারণ মানুষ। তবে এই চ্যালেঞ্জের মধ্যেই সক্রিয় ও আক্রমণাত্মক তদন্তে বড়সড় সাফল্যের দাবি করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ।
২০২৫ সালে জেলায় মোট ৫৫টি সাইবার ক্রাইমের মামলা নথিভুক্ত হয়েছে। বুধবার সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানান, এই মামলাগুলির মধ্যে ৪২টি মামলার কিনারা করতে পেরেছে জেলা সাইবার ক্রাইম শাখা। একাধিক ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারও করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাইবার অপরাধের শিকড়ে পৌঁছতে জেলা সাইবার ক্রাইমের আধিকারিকরা একের পর এক অভিযান চালিয়েছে। মোট ১০৬টি রেড করা হয়েছে, যার মধ্যে ৭৯টি অভিযান হয়েছে জেলার বাইরে ও দেশের বিভিন্ন রাজ্যে। এই অভিযানের ফলেই প্রতারণা চক্রের নেটওয়ার্ক ভেঙে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি পুলিশের।
তদন্তে উঠে এসেছে, সাইবার প্রতারণার মাধ্যমে প্রায় তিন কোটি টাকা খোয়া গিয়েছিল। তার মধ্যে প্রায় পাঁচ লক্ষ টাকা উদ্ধার করে অভিযোগকারীদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
পুলিশের মতে, দ্রুত অভিযোগ জানানো ও প্রযুক্তিগত নজরদারির কারণেই এই অর্থ উদ্ধার সম্ভব হয়েছে।
জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, সাইবার অপরাধ দমনে শুধুমাত্র গ্রেফতার নয়, সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোতেও জোর দেওয়া হচ্ছে। অনলাইন লেনদেনে সতর্কতা, অচেনা লিঙ্কে ক্লিক না করা সহ সন্দেহজনক কল বা মেসেজ পেলেই পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
