জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার কারণে রীতিমতো প্রভাবিত হয়েছে সমগ্র বিশ্ব। তবে, এই প্রভাবকেই প্রশমিত করতে ভারত সরকার দেশের শিল্প সেক্টরের জন্য একটি নতুন ক্রেডিট গ্যারান্টি স্কিম তৈরি করছে।
যার লক্ষ্য হল, কোম্পানিগুলির জন্য ঋণ প্রাপ্তি সহজতর করা। বিশেষ করে সেইসব কোম্পানিগুলি লাভবান হবে যেগুলি কাঁচামাল ও পরিবহণ খরচের বৃদ্ধির সম্মুখীন। ET-র একটি রিপোর্ট অনুসারে, এই প্রকল্পের অধীনে সরকার প্রায় ২ থেকে ২.৫ লক্ষ কোটি টাকার গ্যারান্টি প্রদান করতে পারে। এটি আগামী ২ সপ্তাহের মধ্যে চালু করা হতে পারে।
একজন সরকারি আধিকারিকের মতে, এই পরিকল্পনার লক্ষ্য হল কোম্পানিগুলিকে অনিশ্চিত পরিস্থিতিতেও তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় আস্থা প্রদান করা। তিনি জানান, যদিও পরিস্থিতি খুব একটা গুরুতর নয়। কারণ, সরকার অর্থনীতির ওপর চাপ কমানোর জন্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে।
