মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে নির্বাচনী নিরাপত্তা নিয়ে উদ্বেগ। বিশেষ করে ভোটের দিন বুথের নিরাপত্তা ঠিকঠাক থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
এই পরিস্থিতিতে নির্বাচনী বুথের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলায় এবার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। নির্বাচনী বুথের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের দায়ের করা জনস্বার্থ মামলায় নির্বাচন কমিশনকে তাদের অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।
এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন তোলে। শুনানিতে প্রধান বিচারপতি সুজয় পাল নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করা কমিশনের কাজ। তারা চাইলে রাজ্যকে নির্দেশ দিতে পারে।
