শিলিগুড়ির সাহুডাঙ্গী শ্মশান ঘাট ও বৈতরণী বৈদ্যুতিক চুল্লি ঘিরে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটল অবশেষে। একাধিক বছর বন্ধ থাকার পর নতুনভাবে সংস্কার ও রূপদানের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ পরিকাঠামোর দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শিলিগুড়ি পৌরনিগমের হাতে তুলে দিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ)।
২০১৭ সালে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে তৈরি হওয়া বৈতরণী বৈদ্যুতিক চুল্লি প্রথমে এসজেডিএ-র তত্ত্বাবধানে ছিল। তবে আর্থিক ও রক্ষণাবেক্ষণজনিত সমস্যার কারণে পরিষেবা স্বাভাবিকভাবে চালু রাখা সম্ভব হয়নি। ফলে ধীরে ধীরে বন্ধ হয়ে পড়ে চুল্লি, সমস্যায় পড়েন সাধারণ মানুষ।
সাহুডাঙ্গী শ্মশান ঘাট শুধু ডাবগ্রাম – ফুলবাড়ি বিধানসভা এলাকার বাসিন্দাদের নয়, আমবাড়ি, শিলিগুড়ি শহর ও আশপাশের বহু মানুষের কাছে কিরণচন্দ্র শ্মশান ঘাটের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। বৈদ্যুতিক চুল্লি বন্ধ থাকায় শেষকৃত্য সম্পন্ন করতে অতিরিক্ত চাপ পড়ছিল অন্যান্য শ্মশানগুলিতে।
এই প্রেক্ষাপটে প্রশাসনিক পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে শ্মশান ঘাট ও বৈদ্যুতিক চুল্লির রক্ষণাবেক্ষণের পূর্ণ দায়িত্ব গ্রহণ করল শিলিগুড়ি পৌরনিগম। আজকের হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসজেডিএ-র কর্তৃপক্ষ, শিলিগুড়ি পৌরনিগমের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
পৌরনিগমের হাতে দায়িত্ব আসায় পরিষেবা আরও নিয়মিত ও সুষ্ঠুভাবে পরিচালিত হবে বলেই আশাবাদী সাধারণ মানুষ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সাহুডাঙ্গীর শ্মশান ঘাট নতুনভাবে জনসেবার পথে ফিরল।
