ভ*য়াবহ অ*গ্নিকাণ্ডে ভ*স্মীভূত গার্মেন্টস ফ্যাক্টরি

দিনহাটা ২ নম্বর ব্লকের বামনহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুর্গনগর এলাকায় রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি গার্মেন্টস ফ্যাক্টরি।

স্থানীয় সূত্রে জানা যায়, ফ্যাক্টরির মালিক মমিনুর মিয়া রাতের খাবার খেতে ঘর বন্ধ করে বাড়িতে গিয়েছিলো। কিছুক্ষণ পরই এলাকাবাসীর চিৎকার শুনে ছুটে এসে তিনি দেখেন, তাঁর ফ্যাক্টরির ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা সাহেবগঞ্জ থানার পুলিশ ও দিনহাটা দমকল কেন্দ্রে খবর দেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাহেবগঞ্জ থানার পুলিশ ও দিনহাটা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে ফ্যাক্টরির ভেতরের সমস্ত যন্ত্রপাতি ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। কার্যত কিছুই আর অবশিষ্ট থাকেনি।

গার্মেন্টস মালিক মমিনুর মিয়া কান্নাভেজা গলায় জানান, কয়েক লক্ষ টাকা ঋণ নিয়ে ও নিজের সঞ্চিত সমস্ত অর্থ ব্যয় করে তিনি এই গার্মেন্টস ফ্যাক্টরিটি গড়ে তুলেছিলেন। মুহূর্তের মধ্যেই চোখের সামনে ভস্মীভূত হয়ে গেল তাঁর স্বপ্ন ও জীবনের সম্বল।

ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দিনহাটা ২ নম্বর ব্লক এলাকায় যদি একটি দমকল কেন্দ্র থাকত, তবে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো যেত। একই মত প্রকাশ করেন এলাকার পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ দাস। তিনি বলেন, “এই এলাকায় একটি দমকল কেন্দ্র অত্যন্ত প্রয়োজন। আশা করেন সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে।”