লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা বৃদ্ধি, আবির খেলায় উচ্ছ্বাসে মাতলেন মহিলারা

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক বরাদ্দ ৫০০ টাকা বৃদ্ধির ঘোষণা হতেই রাজ্যজুড়ে খুশির হাওয়া।

রাজ্য বাজেটে এই ঘোষণা প্রকাশ্যে আসার পরই সাধারণ মহিলাদের মধ্যে স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে।

এই ঘোষণাকে স্বাগত জানিয়ে শিলিগুড়ির ফুলবাড়ি ২ নম্বর এলাকায় মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা আনন্দে মেতে ওঠেন। এদিন তাঁরা আবির খেলায় অংশ নেন।

একে অপরকে রং মাখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। গোটা এলাকায় উৎসবের মেজাজে ধরা পড়েন মহিলা কর্মীরা।

মহিলাদের বক্তব্য, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ায় তাঁদের দৈনন্দিন সংসার চালানো অনেকটাই সহজ হবে। কেউ বলেন, “এই টাকা আমাদের সংসারের খরচে অনেক সাহায্য করে। এখন ছোটখাটো প্রয়োজনের জন্য আর স্বামীর কাছে হাত পাততে হয় না।”

আবার অনেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি যেভাবে মহিলাদের পাশে দাঁড়িয়েছেন, তা নজিরবিহীন।

মহিলা কর্মী ও সমর্থকদের আরও বক্তব্য, আগামী নির্বাচনে রাজ্যের মহিলারা আরও বেশি সংখ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবেন ও তাঁকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি যে রাজ্যের মহিলাদের কাছে বড় স্বস্তির খবর, তা এদিন ফুলবাড়ির এই আনন্দ উদযাপনেই স্পষ্ট।