উত্তরবঙ্গে কর্মী সভা ঘিরে তৎপর গেরুয়া শিবির

বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে রাজনৈতিক উত্তাপ বাড়াতে চলেছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসন্ন কর্মী সভাকে ঘিরে এখন থেকেই তৎপর হয়ে উঠেছে গেরুয়া শিবির। দলের অন্দরে এই সভাকে উত্তরবঙ্গে বিজেপির সাংগঠনিক শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবেই দেখা হচ্ছে।

শিলিগুড়ি শহর লাগোয়া গোসাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই কর্মী সভা অনুষ্ঠিত হতে চলেছে। সভার প্রস্তুতি কতদূর এগোল, তা সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে পৌঁছান মাটিগাড়া – নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির জেলা ও মণ্ডল স্তরের একাধিক নেতৃত্ব।

দলীয় সূত্রের খবর, এই সভার মাধ্যমে উত্তরবঙ্গে কর্মীদের মনোবল বাড়ানোর পাশাপাশি বুথস্তর পর্যন্ত সংগঠনকে আরও মজবুত করার বার্তা দেওয়া হবে। বিশেষ করে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কীভাবে মাঠে নামতে হবে, সেই কৌশলই তুলে ধরবেন অমিত শাহ।

এই কর্মী সভায় কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি সাংগঠনিক জেলা ও দার্জিলিং জেলার বিজেপি কার্যকর্তাদের উপস্থিতি বিজেপির কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। ফলে অমিত শাহের উত্তরবঙ্গ সফর যে শুধুই একটি সভা নয়, বরং বড় রাজনৈতিক বার্তার প্রস্তুতি তা স্পষ্ট হয়ে উঠছে।