আজ থেকে রাজ্যজুড়ে কড়াকড়ির মধ্যেই শুরু হয়ে গেল চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষা। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে প্রশ্নপত্র বিতরণ ও উত্তরপত্র দেওয়ার পর্ব শুরু হবে। প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ। লেখা শুরু হবে সকাল ১১টা থেকে ও পরীক্ষা চলবে দুপুর ২টা পর্যন্ত।মাধ্যমিক পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।
অন্যান্য বছরের মতো এবারও কড়া নিরাপত্তা ও পর্যাপ্ত প্রস্তুতির মধ্যেই পরীক্ষা সম্পন্ন করতে সব ব্যবস্থা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ (ডব্লিউবিবিএসই)। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা যে কোনও ধরনের বৈদ্যুতিন গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার সময় এসব নিয়ে কোনও পরীক্ষার্থী ধরা পড়লে তার সমস্ত পরীক্ষা বাতিল করা হবে বলে স্পষ্ট জানানো হয়েছে।
এবছর মাধ্যমিকে মোট পরীক্ষার্থী ৯,৭১,৩৪০ জন। এর মধ্যে ৫,৪৪,৬০৬ জন ছাত্রী, ৪,২৬,৭৩৩ জন ছাত্র ও ১ জন রূপান্তরকামী পরীক্ষার্থী রয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় প্রায় ২ লক্ষ পরীক্ষার্থী বেড়েছে। রাজ্যজুড়ে ২৬৮২টি স্কুলে পরীক্ষা নেওয়া হচ্ছে। মোট ৯৪৫টি মূল পরীক্ষাকেন্দ্র ও ১৭৩৭টি উপ-কেন্দ্র নির্ধারিত হয়েছে।
পরীক্ষার্থীদের সুবিধার্থে পুলিশ ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর চালু করেছে। পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের তরফেও খোলা হয়েছে কন্ট্রোল রুম, যেখানে একাধিক যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে।
পরীক্ষার দিনগুলিতে যাতায়াতের সুবিধার জন্য রাজ্যের পরিবহণ দফতর ১৫টি রুটে অতিরিক্ত ২০টি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
পরীক্ষা শুরুর আগেই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বার্তায় জানান, “সকল মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য আন্তরিক শুভকামনা রইল। সকলের ভালো ও আশাব্যঞ্জক ভবিষ্যৎ হোক।”
