রাজ্য জুড়ে আজ থেকে শুরু হল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা। আর সেই সঙ্গে সুন্দরবনের দুর্গম এলাকায় ভোর থেকেই নদী পেরিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিল ছাত্রছাত্রীরা। দ্বীপাঞ্চলের বহু পরীক্ষার্থীকে একটি, দুটি এমনকি তিনটি নদী অতিক্রম করে পৌঁছতে হচ্ছে নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে।
দুর্গম যাতায়াত ব্যবস্থার কারণে যাতে পরীক্ষার্থীদের কোনও অসুবিধায় পড়তে না হয়, সেই লক্ষ্যেই সকাল সকাল নৌপথে রওনা দেয় তারা। সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, রায়মঙ্গল, বেতনি, ছোট কলাগাছি নদী সহ একাধিক জলপথে এদিন মাধ্যমিকের চেনা ছবি ধরা পড়ে।
একইসঙ্গে কড়া নিরাপত্তায় জলপথে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান স্কুল অবজারভাররা। নদীপথে নজরদারি বাড়াতে তৎপর প্রশাসন। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের। ফেরিঘাটগুলিতে বাড়ানো হয়েছে নৌকার সংখ্যাও।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষায় বসতে পারে, সে জন্য কোনও রকম খামতি রাখা হচ্ছে না। উল্লেখ্য, চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন। দুর্গম সুন্দরবনেও তার ব্যতিক্রম নয় নদী, নৌকা আর দৃঢ় সংকল্পকে সঙ্গী করেই প্রথম পরীক্ষায় অংশ নিচ্ছে পরীক্ষার্থীরা।
