মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে শিশুদের দূরে রাখার ভাবনাকে সামনে রেখে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাহুডাঙ্গির তেলানি পাড়ায় অবস্থিত আনন্দ পাঠ শিশু নিকেতন স্কুলে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
এদিন স্কুল প্রাঙ্গণে বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশ নেয় পড়ুয়ারা। উৎসাহ ও আনন্দের মধ্য দিয়ে শিশুরা শারীরিক কসরত ও দলগত খেলায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে শিক্ষক- শিক্ষিকা ও অভিভাবকদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
স্কুলের প্রধান শিক্ষক জানান, বর্তমান সময়ে শিশুরা ক্রমশ মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে। সেই কারণেই মাসে কয়েকদিন পড়ুয়াদের স্কুলের বাইরে নিয়ে গিয়ে খেলাধুলার আয়োজন করা হয়, যাতে তারা প্রকৃতির সান্নিধ্যে এসে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারে।
তিনি আরও বলেন, অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ শিশুদের যেন মোবাইল ফোন ব্যবহারে নিরুৎসাহিত করা হয় ও নিয়মিত খেলাধুলায় উৎসাহ দেওয়া হয়। এই ধরনের উদ্যোগের মাধ্যমে শিশুদের সুস্থ ও স্বাভাবিক শৈশব গড়ে তোলাই স্কুল কর্তৃপক্ষের মূল লক্ষ্য।
