গণধোলাইয়ের ভয়ে গাছের মগডালে চোর! নামাতে কালঘাম ছুটল দমকলের

কথায় বলে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কিন্তু জলপাইগুড়ির সানুপাড়ায় ধরা পড়ার ভয়ে খোদ চোরকেই গাছের মগডালে চড়তে দেখলেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির সানুপাড়া এলাকায়। শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ওই যুবককে গাছ থেকে নামাতে খবর দিতে হয় দমকল বাহিনীকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সানুপাড়া এলাকার একটি বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢুকেছিল ওই যুবক। কিন্তু বাড়ির সদস্যরা টের পেয়ে যাওয়ায় মুহূর্তের মধ্যে চিৎকার শুরু করেন।

সেই আওয়াজ শুনেই পালানোর চেষ্টা করে অভিযুক্ত। রাস্তার মোড়ে তাকে পালাতে দেখে স্থানীয় বাসিন্দারা ধাওয়া করেন এবং কিছুক্ষণের মধ্যেই তাকে ধরে ফেলেন। বাসিন্দারা পাকড়াও করার পর কিছুক্ষণ ধস্তাধস্তি চললেও কৌশলে ফের তাদের হাত থেকে ফসকে যায় ওই যুবক। তবে পালানোর রাস্তা না পেয়ে প্রাণের ভয়ে পাশেই থাকা একটি উঁচু গাছের মগডালে চড়ে বসে সে। নিচে থাকা উত্তেজিত জনতা বারবার তাকে নেমে আসার কথা বললেও গণধোলাইয়ের ভয়ে কিছুতেই নিচে নামতে রাজি হয়নি অভিযুক্ত। দীর্ঘক্ষণ এই নাটক চলার পর পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় বাসিন্দারা জলপাইগুড়ি কোতোয়ালি থানা এবং দমকল বাহিনীকে খবর দেন।

দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মই ও দড়ির সাহায্যে দীর্ঘ প্রচেষ্টার পর ওই যুবককে গাছ থেকে নামিয়ে আনেন। নিচে নামানোর পরপরই পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। অভিযুক্তকে বর্তমানে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাতসকালে চোরের এমন কাণ্ড দেখে অবাক পাড়া-পড়শিরাও।