পাণ্ডব ঘাটে আয়োজিত বারুণী স্নানে পুণ্যার্থীদের ঢল

প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় রীতি মেনে পুরাতন মালদার মুচিয়া টাঙ্গন নন্দীর তীরে পাণ্ডব ঘাটে অনুষ্ঠিত হল পবিত্র বারুণী স্নান। ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ভক্ত ও পুণ্যার্থী এই স্নানে অংশগ্রহণ করতে ভিড় জমান ঘাট চত্বরে।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই বারুণী স্নানে অংশ নিলে পাপমোচন হয় ও জীবনে শান্তি ও কল্যাণ আসে। এই আস্থায় বহু মানুষ পবিত্র জলে স্নান করেন। এদিন ভক্তদের জন্য আয়োজকদের পক্ষ থেকে খিচুড়ি ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়। বারুণী স্নান উপলক্ষ্যে চারদিন ব্যাপী সাধুমেলা ও বাউল গানের আয়োজন করা হয়েছে, যা এলাকায় বাড়তি আকর্ষণ তৈরি করেছে। পুরো কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবকরাও সক্রিয় ভূমিকা পালন করেন।

এবারে পাণ্ডব ঘাট কমিটির সদস্যরা ১৫তম বর্ষ পালন করচ্ছে। সারাদিন ধরে ভক্তদের উপস্থিতিতে পাণ্ডব ঘাট এলাকা এক ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। স্থানীয়দের মতে, বহু বছরের এই ঐতিহ্যবাহী বারুণী স্নানকে কেন্দ্র করে প্রতি বছরই ভক্তদের সমাগম ক্রমশ বাড়ছে, যা এই এলাকার ধর্মীয় গুরুত্বকে আরও বৃদ্ধি করছে।