থাইরয়েড নিয়ন্ত্রণে রাখতে মেটাবলিজম ঠিক রাখুন

আপনার ঘাড়ের সামনের অংশে অবস্থিত এই ছোট, প্রজাপতি আকৃতির গ্রন্থিটি আপনার ভাবনার চেয়েও অনেক বেশি কাজ করে। এটি আপনার বিপাক প্রক্রিয়া (মেটাবলিজম) নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং আপনার ওজন, শক্তির মাত্রা ও এমনকি হৃদস্পন্দনকেও প্রভাবিত করে। তবুও, মেটাবলিক সিনড্রোমের মতো শারীরিক অবস্থার ক্ষেত্রে এর ভূমিকা প্রায়ই অলক্ষিত থেকে যায়। মেটাবলিক সিনড্রোমে আক্রান্ত প্রতি চারজনের মধ্যে একজন হাইপোথাইরয়েডিজমে ভুগতে পারেন। বিশ্ব থাইরয়েড সচেতনতা মাসে, আসুন আমরা এই যোগসূত্রটি গভীরভাবে বোঝার চেষ্টা করি এবং কীভাবে থাইরয়েড সঠিকভাবে নিয়ন্ত্রণ করে আপনার বিপাকীয় কাজ সচল রাখা যায় তাও জানি।

ডা. আশিস কুমার বসু, প্রাক্তন বিভাগীয় প্রধান (এন্ডোক্রিনোলজি ও মেটাবলিজম বিভাগ), ক্যালকাটা মেডিক্যাল কলেজ বলেন, “হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েডের কম সক্রিয়তা তখনই ঘটে যখন গ্রন্থিটি শরীর সচল রাখার জন্য পর্যাপ্ত হরমোন তৈরি করে না। এই ধীরগতি বিপাক প্রক্রিয়াকে প্রভাবিত করে। যার ফলে ওজন, রক্তে শর্করা, কোলেস্টেরল এবং হার্টের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে।“ অ্যাবট ইন্ডিয়ার মেডিকেল অ্যাফেয়ার্স হেড ডাঃ কিন্নরা পুত্রেভু যোগ করেন, হাইপোথাইরয়েডিজম-এর উপসর্গগুলো মেটাবলিক সিনড্রোমের সাথে মিলে যেতে পারে, তাই মেটাবলিক সিনড্রোম বা এর সাথে সম্পর্কিত ঝুঁকির কারণ আছে এমন যে কারও জন্য নিয়মিত থাইরয়েড স্ক্রিনিং প্রয়োজন।

থাইরয়েড স্বাস্থ্যের জন্য পুষ্টির সঠিক ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টির আধিক্য বা ঘাটতি, উভয়ই এর কাজ ব্যাহত করতে পারে। সুষম খাদ্যের ওপর গুরুত্ব দিন এবং অতি-প্রক্রিয়াজাত খাবার, স্যাচুরেটেড ফ্যাট, সয়াবিন সমৃদ্ধ পণ্য এবং বাড়তি চিনি কমানোর মাধ্যমে শুরু করুন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার থাইরয়েড ওষুধের সময়সূচী মেনে চলা উচিৎ। বিপাক প্রক্রিয়া বা মেটাবলিজমকে সক্রিয় রাখতে আপনার প্রতিদিনের রুটিনে দ্রুত হাঁটা, সাইকেল চালানো বা সাঁতার কাটার মতো হালকা ব্যায়াম যোগ করুন। মানসিক চাপ আপনার থাইরয়েডের ওপরও প্রভাব ফেলে। বিশ্রাম এবং নিজের যত্নের মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণ করা উচিৎ। অধিক সচেতনতা, নিয়মিত পরীক্ষা এবং সমন্বিত যত্ন আপনাকে থাইরয়েড আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।