পূর্ব ভারতে কারিগরি কাজে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাণিজ্যিক রেফ্রিজারেশন ব্র্যান্ড এলানপ্রো তাদের ‘কুল স্কিলস, ব্রাইট ফিউচার’ উদ্যোগটিকে পশ্চিমবঙ্গে নিয়ে এসেছে। সম্প্রতি তারা এই ওয়ার্কশপের সফল সমাপ্তির খবর ঘোষণা করেছে। আজ কলকাতার রামকৃষ্ণ মিশন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ৩৭ জন প্রশিক্ষণপ্রাপ্ত সার্ভিস টেকনিশিয়ানকে শংসাপত্র দেওয়া হয়। অলাভজনক সংস্থা ‘সার্থক’-এর সহযোগিতায় পরিচালিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল রাজ্যের ক্রমবর্ধমান কিছু শিল্প যেমন, খাদ্য প্রক্রিয়াকরণ, দুগ্ধজাত পণ্য এবং কোল্ড চেইন খাতের জন্য একটি কর্মঠ ও দক্ষ টেকনিশিয়ান টিম গড়ে তোলা।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা তরুণরা এই বিশেষ প্রশিক্ষণে অংশ নেন, যা রাজ্যে কারিগরি কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেয়। ছয় সপ্তাহের এই নিবিড় মডিউলে প্রশিক্ষণ প্রার্থীদের চেস্ট ফ্রিজার, ভিজি কুলার ও বিভিন্ন বাণিজ্যিক রেফ্রিজারেশন যন্ত্রপাতির ইনস্টলেশন, সার্ভিসিং এবং রক্ষণাবেক্ষণের ব্যবহারিক ও তাত্ত্বিক শিক্ষা দেওয়া হয়েছে। এলানপ্রো-র ডিরেক্টর সঞ্জয় জৈন জানান, পশ্চিমবঙ্গে হোরিকা, মিষ্টি শিল্প এবং মৎস্য চাষের মতো জীবীকার প্রসারের ফলে দক্ষ রেফ্রিজারেশন টেকনিশিয়ানের চাহিদা দ্রুত বাড়ছে। এই উদ্যোগের মাধ্যমে কেবল শিল্পের প্রয়োজন মেটানোই নয়, বরং যুবসমাজের জন্য নির্ভরযোগ্য জীবিকার সুযোগ তৈরি করা হচ্ছে।
গুয়াহাটি এবং কলকাতার সাফল্যের পর সংস্থাটি আগামীতে পূর্ব ভারতের অন্যান্য অঞ্চলেও এই প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা করেছে। এই সামাজিক দায়বদ্ধতা প্রকল্পটি ভারতের রেফ্রিজারেশন ইকোসিস্টেমকে শক্তিশালী করার পাশাপাশি স্থানীয় স্তরে দ্রুত ও উন্নত পরিষেবা নিশ্চিত করতে সহায়ক হবে।
