ফের শিলিগুড়ি-দার্জিলিং সহ বিস্তীর্ণ এলাকায় অনুভূত ক*ম্পন

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ সিকিমে ৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাহাড় ও সমতল মিলিয়ে বিস্তীর্ণ এলাকা। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও সংলগ্ন এলাকায়ও কম্পন অনুভূত হয়।

সূত্রের খবর, সকাল ১১টা ৩৪ মিনিট নাগাদ ভূমিকম্পটি অনুভূত হয়। উপকেন্দ্র ছিল সিকিমে। দার্জিলিং থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে ও গ্যালশিং থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এই কম্পনের উৎসস্থল চিহ্নিত হয়েছে।

ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। শিলিগুড়ির বিভিন্ন বহুতল আবাসন ও বাণিজ্যিক ভবনে কয়েক সেকেন্ডের জন্য স্পষ্ট কম্পন টের পাওয়া যায়। শহরের হাকিমপাড়া, সুভাষপল্লি, মাটিগাড়া ও প্রধান বাণিজ্যিক এলাকায় সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন। যদিও কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।