মেয়েকে টিউশন থেকে নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা লুৎফর রহমানের।
মঙ্গলবার রাতে জলপাইগুড়ির গোশালা মোড় এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গুরুতর জখম তাঁর মেয়ে বর্তমানে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, তৃণমূলের জলপাইগুড়ি সদর ২ নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি লুৎফর রহমান বাইকে করে মেয়েকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় প্রচণ্ড গতিতে আসা একটি ট্রাক তাঁদের ধাক্কা মারে। ধাক্কায় মেয়েটি রাস্তায় ছিটকে পড়ে। ট্রাকের নীচে পিষে যান লুৎফর রহমান।
দুর্ঘটনার পর বাইকটি ট্রাকের নীচে আটকে যায় ও সেই অবস্থাতেই কয়েক কিলোমিটার পর্যন্ত ট্রাকটি এগিয়ে যায় বলে অভিযোগ। ঘর্ষণের জেরে বাইকে আগুন ধরে যায়।
পরে পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাঁকে খোঁজার চেষ্টা চলছে।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় এলাকায়। আত্মীয়-পরিজন ও স্থানীয়দের একাংশ জাতীয় সড়কের ইঞ্জিনিয়ারিং কলেজ মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখান ও পুলিশকে ঘিরে ধরেন। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে, রাস্তায় দাঁড়িয়ে পড়ে বহু গাড়ি।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
